সর্বশেষ সংবাদ :

ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে রাজশাহীতে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর ঋত্বিক ঘটকের জন্মভিটায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে।
শনিবার ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিন ঋত্বিক কুমার ঘটকের বসতভিটায় (যার একাংশে বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অবস্থিত) গণসঙ্গীত, ঋত্বিক আলোচনা এবং তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘তিতাস একটি নদীর নাম’ প্রদর্শন করা হবে। জন্মবার্ষিকী উদযাপনে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদকে। সদস্য সচিব হয়েছেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম সদস্য সচিব আননাবা কবীর প্রকৃতি, উৎসব পরিচালক হাসিবুল হাসনাত রিজভি, উৎসব সমন্বয়ক নাদিম সিনা এবং গণমাধ্যম ও জনসংযোগের দায়িত্বে পলি রানী প্রামানিক।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহমিদ জাকি, সাবিত্রী হেমব্রম, সালমান ফার্সি, রাকিব হাসান বাপ্পি, তামিম তুলি, মাইনুল ইসলাম টিপু ও সাব্বির হোসেন। কমিটির সদস্যরা জন্মবার্ষিকী উদযাপনের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন। ১৯২৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন ঋত্বিক কুমার ঘটক। বাংলা চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই নির্মাতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘অযান্ত্রিক’, ‘সুবর্ণরেখা’ ও ‘তিতাস একটি নদীর নাম’। তাঁর নির্মিত চলচ্চিত্রগুলো বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমী ও গবেষকদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। আগামী ৪ নভেম্বর তাঁর জন্মের ১০১ বছর পূর্ণ হবে।


প্রকাশিত: November 1, 2026 | সময়: 6:55 am | সুমন শেখ