, , ।
মহাদেবপুর প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২৫ মে দিবাগত রাতে মামলা দায়েরের পর মঙ্গলবার ভোরে উপজেলার শরীফপুর আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোবিন্দ পাহান ওই গ্রামের মৃত লালদো পাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ১৯ মে দুপুরে ভুক্তভোগী কিশোরীর বাবা-মা পার্শ্ববর্তী গ্রামে ধান কাটার কাজে যান। এ সময় বাড়িতে একা পেয়ে প্রতিবেশী গোবিন্দ পাহান ওই কিশোরীকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাবা-মা বাড়িতে ফিরলে কিশোরীটি বিষয়টি তাদের জানায়।
স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর গত রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরেই অভিযানে নামে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ভুক্তভোগী কিশোরীর বাবার অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সহ অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।