সর্বশেষ সংবাদ :

রামিসা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, চাঁদাবাজি ও সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে ইসলামী ছাত্রশিবিরের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এ সময় বক্তারা ইসলামী শরিয়া অনুযায়ী বিচার ব্যবস্থা কার্যকরের আহ্বান জানান। বিক্ষোভে উপস্থিত ছিলেন মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, প্রকাশনা সম্পাদক নাজির আহমেদ সুপ্ত, দপ্তর সম্পাদক মো. জহির রায়হান, প্রচার ও মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান মাসুমসহ অন্যান্য নেতাকর্মীরা।
একই দাবিতে নগরীর জিরোপয়েন্টে পৃথক বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস। সমাবেশে বক্তারা রামিসা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
জামায়াতে ইসলামী মহিলা সংস্থার মানববন্ধন: দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী মহিলা সংস্থা। বিকেলে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়, যা সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে মনি চত্বর হয়ে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিশু রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে সারা দেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ বেড়েই চলেছে, যা চরম উদ্বেগজনক।’ নেতৃবৃন্দ আরও বলেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণেই অপরাধপ্রবণতা বাড়ছে। আজ নারী ও শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। আমরা শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে প্রকাশ্যে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় সাধারণ ছাত্রসমাজকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মহিলা সংস্থার রাজশাহী অঞ্চলের পরিচালক শারমিন আক্তার বনি, মহিলা সংস্থার সেক্রেটারি মোসা. শাহিনা আক্তার, সূরা সদস্য ড. ফাতেমা সিদ্দিকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কিসমত আরা কল্পনাসহ অন্যান্য নেতৃবৃন্দ।


প্রকাশিত: May 23, 2026 | সময়: 4:45 am | সুমন শেখ

আরও খবর