সর্বশেষ সংবাদ :

চামড়াজাত শিল্পের শিল্পীদের এখন ঈদের মহা কর্মযজ্ঞ

কুড়িগ্রাম প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কামদেব জনতাহাট এলাকার ‘বেস্ট সুজ এন্ড হ্যান্ডিক্যাপ্টস’ ফ্যাক্টরিতে এখন চলছে ব্যাপক কর্মব্যস্ততা। ঈদকে কেন্দ্র করে দেশীয় বাজারে চামড়াজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দিনরাত পরিশ্রম করছেন প্রতিষ্ঠানটির কারিগর ও শ্রমিকরা।
জানা গেছে, ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর উদ্বোধনের পর থেকেই প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের উৎপাদনের মাধ্যমে স্থানীয় বাজার ছাড়িয়ে দেশব্যাপী সুনাম অর্জন করেছে। বর্তমানে এখানে ছেলে ও মেয়েদের মনকাড়া ডিজাইনের শতভাগ চামড়ার জুতা ছাড়াও বিভিন্ন ধরনের চামড়াজাত পণ্য তৈরি করা হচ্ছে।
ফ্যাক্টরিতে ব্যবহৃত হচ্ছে আধুনিক মেশিন ও উন্নত প্রযুক্তি। দক্ষ কারিগরদের নিপুণ হাতে তৈরি প্রতিটি পণ্যে থাকছে মান ও নান্দনিকতার ছোঁয়া। ফলে স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় এসব পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। শুধু দেশেই নয়, প্রতিষ্ঠানটির তৈরি পণ্য বিদেশেও রপ্তানি করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিষ্ঠানটির এডমিন মমিনুর রহমান মিঠু জানান, ঈদ উপলক্ষে অর্ডারের চাপ অনেক বেড়ে গেছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য সরবরাহ করতে কারিগররা নিরলসভাবে কাজ করছেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে উন্নত মানের দেশীয় চামড়াজাত পণ্য তৈরি করে দেশের সুনাম আরও বৃদ্ধি করা।’
প্রোভাইডার রেবুনা বেগম বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুণগতমান বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। ক্রেতাদের আস্থা অর্জনের কারণেই প্রতিষ্ঠানটির পণ্য দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে।
স্থানীয়দের মতে, ‘বেস্ট সুজ এন্ড হ্যান্ডিক্যাপ্টস’ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি এলাকায় কর্মসংস্থান সৃষ্টিরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনেক তরুণ-তরুণী এখানে কাজের সুযোগ পেয়ে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন।
ঈদকে সামনে রেখে ফ্যাক্টরির ব্যস্ততা এখন তুঙ্গে। প্রতিদিনই নতুন নতুন ডিজাইনের জুতা ও চামড়াজাত পণ্য তৈরি হচ্ছে, যা ক্রেতাদের আকর্ষণ করছে ব্যাপকভাবে।


প্রকাশিত: May 23, 2026 | সময়: 4:43 am | সুমন শেখ