সর্বশেষ সংবাদ :

পাকিস্তানকে হোয়াইটওয়াশ, রেকর্ড গড়ে সবার ওপরে শান্ত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে নতুন এক মাইলফলকে পৌঁছে গেল বাংলাদেশ। সিলেট টেস্টে ৮ উইকেটের জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে নিজের অষ্টম টেস্ট জয় তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
এর ফলে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের আসনে উঠে গেছেন এই বাঁহাতি ব্যাটার। বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে দাপুটে জয় পায় বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। একই সঙ্গে অধিনায়ক হিসেবে নতুন রেকর্ডও গড়েন শান্ত।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত। এর মধ্যে জয় এসেছে ৮ ম্যাচে, ড্র হয়েছে একটি।
শতাংশের হিসেবে তার অপরাজিত থাকার হার ৪৪ দশমিক ৪৪। এর আগে বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়ে তিনি দলকে এনে দিয়েছিলেন ৭টি জয়। ড্র হয়েছিল ৯টি ম্যাচ। তার জয়ের হার ছিল ২০ দশমিক ৫৮ শতাংশ।
মিরপুর টেস্ট জয়ের পরই মুশফিকের রেকর্ড ছুঁয়েছিলেন শান্ত। সিলেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় জয় তুলে নিয়ে অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়িয়ে যান তিনি। বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে খেলেছে ১৫৮টি ম্যাচ। সেখানে মোট জয় ২৭টি। এর মধ্যে শুধু শান্ত ও মুশফিকের অধিনায়কত্বেই এসেছে ১৫ জয়। বাংলাদেশের অন্য অধিনায়কদের মধ্যে সাকিব আল হাসান ১৯ ম্যাচে পেয়েছেন ৪ জয়, মুমিনুল হক ১৭ ম্যাচে ৩ এবং মেহেদী হাসান মিরাজ ২ ম্যাচে ১ জয়। এছাড়া লিটন কুমার দাস ও মাশরাফি বিন মুর্তজা নিজেদের একমাত্র টেস্ট অধিনায়কত্বেই জয় পেয়েছিলেন।


প্রকাশিত: May 21, 2026 | সময়: 5:33 am | সুমন শেখ

আরও খবর