সর্বশেষ সংবাদ :

চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, আধাঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার: রাজশাহী-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের পেছনের চারটি বগির সংযোগস্থল (জয়েন্ট) খুলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রেলওয়ের পাকশী বিভাগের আওতায় ঈশ্বরদী-আজিমনগর বাইপাস স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন অতিক্রম করার পর ঈশ্বরদী জংশন স্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটি আজিমনগর স্টেশন অতিক্রমকালে পেছনের ৪টি কোচের সংযোগ হুক খুলে গেলে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর সকাল ৮টার দিকে চালক বুঝতে পেরে ইঞ্জিনটি পুশব্যাক করে পুনরায় সংযুক্ত করে ট্রেনটি আবার ঈশ্বরদী অভিমুখে যাত্রা শুরু করে। বিচ্ছিন্ন বগির যাত্রী শিক্ষার্থী ইয়ানা আফরোজ শ্রাবণী জানান, আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ কোচ থেমে যায়। পরে দেখি ইঞ্জিন কোচ রেখে চলে গেছে। কিছুক্ষণ পর আবার ইঞ্জিন এসে কোচ নিয়ে ঈশ্বরদী অভিমুখে যাত্রা শুরু করে। এ সময় যাত্রীদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে বগি খুলে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিনটি বগি থেকে প্রায় ৪০০ গজ দূরে চলে যায়। প্রায় আধাঘণ্টা পর ইঞ্জিনটি ফিরে এসে আবার বগি নিয়ে ঈশ্বরদীর দিকে যাত্রা করে। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহণ কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেলকর্মীরা বিচ্ছিন্ন বগির সঙ্গে পুনরায় সংযুক্ত করে ট্রেনটি নিয়ে যাত্রা শুরু করে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেইসঙ্গে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।


প্রকাশিত: May 15, 2026 | সময়: 4:32 am | সুমন শেখ

আরও খবর