সর্বশেষ সংবাদ :

ডা: হুমায়ুন কবির আর নেই

স্টাফ রিপোর্টার, বাঘা :

না ফেরার দেশে চলে গেলেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও সবার প্রিয় মানুষ ডা: হুমায়ুন কবির বাচ্চু। মঙ্গলবার রাত ১২ টায় রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা যায়, চাকরি থেকে অবসরের পর থেকেই তিনি ধীরে ধীরে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন । প্রায় এক মাস আগে হঠাৎ হার্ট এবং ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে দ্রুত ঢাকার কল্যানপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ১৫ দিন আইসিউতে ভর্তি থেকে কিছুটা সুস্থ হলে গত প্রায় ১০ দিন আগে চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। এরপর তিনি রাজশাহী শহরে বড় মেয়ের বাসায় অবস্থান করছিলেন এবং সেখানেও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল।

কিন্তু তিনদিন আগে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে পুনরায় রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়। সেখানে সকলের দোয়া আর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরেও তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। মঙ্গলবার ১২ মে গভীর রাতে তিনি চিরবিদায় নেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

মরহুম ডা : হুমায়ুন কবির বাচ্চু ছিলেন একজন মানবিক, সদালাপী, সমাজ সেবায় এবং সমাজের মেহনতি মানুষের জন্য এক নিবেদিত প্রাণ । জীবনের দীর্ঘ সময় তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এ ছাড়াও টাকা না নিয়ে অসংখ্য গরিব রুগীদের সেবা দিয়েছেন ।তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

তিনি স্ত্রী, দুই মেয়ে-জামাতা , এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বাদ জোহর পারিবারিক গোরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। তার জানাজায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্যসহ বেশ কয়েকজন ডাক্তার , শিক্ষক সমাজ , রাজনৈতিক নেতৃবৃন্দ,ভাই ও আত্নীয় স্বজন-সহ অত্র এলাকার হাজার হাজার মানুষ।

মরহুমের জামাতা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল জানান, স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, আড়ানী পৌর বিএনপি সভাপতি তোজাম্মেল হকসহ আমার শশুরের মৃত্যুতে এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সকলেই সমবেদনা জানিয়েছেন।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: May 13, 2026 | সময়: 5:07 pm | Daily Sunshine