, , ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামে রাতের অন্ধকারে বিষ ঢেলে দুই পুকুরের মাছ নিধনের অভিযোগ উঠল দুর্বৃত্তদের বিরুদ্ধে। এক রাতেই প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারা যাওয়ায় কার্যত পথে বসার আশঙ্কায় মাছচাষি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাটোর জেলার কাফুরিয়া ইউনিয়নের বাসিন্দা শাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে ঝলমলিয়া গ্রামে লিজ নিয়ে দুটি পুকুরে মাছ চাষ করছিলেন। রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল সেই পুকুরে। শুক্রবার সকালে পুকুরপাড়ে গিয়েই চোখে পড়ে ভয়াবহ দৃশ্য পানির উপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। পুকুরের পানির রং ও গন্ধও ছিল অস্বাভাবিক।
অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে কোনও এক সময়ে দুষ্কৃতীরা পুকুরে বিষ প্রয়োগ করে।
চোখেমুখে হতাশার ছাপ নিয়ে শাখাওয়াত বলেন, ‘ঋণ করে মাছের ব্যবসা শুরু করেছিলাম। সব কিছু শেষ হয়ে গেল এক রাতেই। এখন কীভাবে ঘুরে দাঁড়াব বুঝতে পারছি না। আমি চাই, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।’
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও। তাঁদের দাবি, এলাকায় সাম্প্রতিক সময়ে পুকুর দখল, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে একাধিক বিরোধ তৈরি হয়েছে। সেই পূর্বশত্রুতার জেরেই এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান অনেকের।
স্থানীয় জনপ্রতিনিধি আবুল কালাম আজাদ বলেন, ‘এটি শুধুই একজন মাছচাষির ক্ষতি নয়, গ্রামের অর্থনীতির উপরও বড় আঘাত। পরিকল্পিতভাবে তাঁর জীবিকা ধ্বংস করার চেষ্টা হয়েছে বলে মনে হচ্ছে।’
এদিকে পুঠিয়া থানার এসআই সোহেল রানা জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এক রাতের বিষ শুধু মাছই মারেনি, ডুবিয়ে দিয়েছে এক প্রান্তিক উদ্যোক্তার বহু দিনের স্বপ্ন, পরিশ্রম আর বেঁচে থাকার শেষ আশ্রয়ও।