বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে শতবর্ষী এক বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে রেখে দিন-দুপুরে বাড়ি থেকে ১২ ভরি স্বর্ণসহ নগদ আড়াই লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার ছেলে আব্দুস সালাম হোসেন মুক্তা (৬৮) বৃহস্পতিবার রাতে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
গত বুধবার দুপুর একটা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় রাণীনগর সদরের মাছ ও কাঁচা বাজার এলাকায় আব্দুস সালাম হোসেন মুক্তারের বাড়িতে চুরির এ ঘটনা ঘটে। সালাম হোসেন মুক্তা মৃত তাহের আলীর ছেলে।
জানা গেছে, ঘটনার দিন সালাম হোসেন তার শতবর্ষী বৃদ্ধা মাকে বাড়িতে রেখে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে নওগাঁ জেলা সদরে যান। এই সুযোগে চোরেরা সালামের বাড়িতে ঢুকে তার মায়ের মুখ ও হাত বেঁধে ঘরের আলমারি ভেঙ্গে আলমারিতে রাখা রুলি বালা ৩ জোড়া, ২ জোড়া কানের দুল, ২টি গলার হার, ২টি গলার চেইন সহ মোট ১২ ভরী স্বর্ণ এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। ভুক্তভোগী সালামের দাবি স্বর্ণ ও নগদ টাকা মিলে তার প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকার মতো জিনিসপত্র চুরি হয়েছে।
সালাম হোসেন মুক্তা ধারণা করে বলেন, আমরা বাড়িতে ছিলাম না, সম্ভবত বাড়ির সাথে হেলে পড়া একটি আম গাছ দিয়ে বাড়িতে ঢুকে আমার মা’কে বেঁধে রেখে দরজা ও আলমারি ভেঙে নগদ টাকা, গহনা সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। তবে যাওয়ার সময় চোরেরা আমার মায়ের মুখের বাঁধন খুলে একটি ঘরে শিকল দিয়ে রেখে চলে যায়। এভাবে চুরি হওয়াতে আমি আশ্চর্য হয়েছি। বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল ফোনে বলেন, খবর পাওয়ার পর ওখানে পুলিশ গিয়েছিল। সবকিছু দেখে এসেছে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।