, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলায় মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে বিপুল নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকেই এই মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মধুপুর-দেউলিয়া কাদার বিলে কয়েকজন সহকর্মীর সঙ্গে মাছ ধরছিলেন বিপুল। এ সময় পানির নিচে জাল ঠিক করার জন্য তিনি ডুব দেন।
তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর পানির ওপর ভেসে উঠেননি। বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে প্রায় ৩০ মিনিট ধরে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেন। পরে বিপুলকে বিলের পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত বিপুল বাসুপাড়া ইউনিয়নের বাসুপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম বয়েন উদ্দিন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও কর্মঠ সদস্য হিসেবে পরিচিত ছিলেন তিনি।
এই অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, বিপুলের এমন আকস্মিক মৃত্যু কারও কল্পনায় ছিল না। এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ওই্ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।