সর্বশেষ সংবাদ :

মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে মসজিদের ইমামের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে সাজেদুর রহমান (৩২) নামে এক স্থানীয় ইমামের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ও উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া মহল্লার মৃত আমির আলীর ছেলে। শুক্রবার ৮ মে সকালের দিকে সূর্যপাড়া মহল্লার বেইলী ব্রিজসংলগ্ন ফকিরনী নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তার মৃত দেহ উদ্ধার করে।
এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, প্রতিদিনের ন্যায় সাজেদুর রহমান শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে ফকিরনী নদীতে যান। সকাল সাড়ে ৭টার দিকে নৌকায় থাকা অবস্থায় অসাবধানতাবশত নদীতে পড়ে যান। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করতে নদীতে নামেন।
খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন না পেয়ে বিষয়টি বাগমারা থানা ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সেকে অবহিত করা হয়। খবর পেয়ে বাগমারার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে উদ্ধার অভিযানে অংশ গ্রহন করেন। এর মধ্যেই মৃত সাজেদুর রহমানকে উদ্ধারের জন্য রাজশাহী জেলা সদর ডুবুরি দলকে খবর দেয়া হয়।
ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়ে নদী থেকে মৃতবস্থায় সাজেদুর রহমানকে উদ্ধার করা হয়। তার এমন মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনজার্চ (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘ঘটনার পর পরই পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরী দল এক সঙ্গে অংশ গ্রহন করে নদী থেকে ইমাম সাজেদুর রহমানকে মৃতবস্থায় উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: May 9, 2026 | সময়: 3:06 am | সুমন শেখ