বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় নানার সঙ্গে পটল ক্ষেত দেখতে গিয়ে বিষধর সাপের কামড়ে তামিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। তামিম একই উপজেলার সোহাসা গ্রামের প্রবাসী রাসেলের একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তামিম তার নানার সঙ্গে আধাইপুর এলাকায় পটল ক্ষেত দেখতে যায়। সেখানে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তামিমের নানা আনিসুর রহমান জানান, তামিম আমার সাথে পটল ক্ষেতে গিয়ে সেখানে আইলে খেলছিল। আমি পটল ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ তামিম সাপের কামড়ে চিৎকার করে ওঠে। এরপর আমি তামিমকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় বাসিন্দা মোস্তাকিম জানান, তামিম অত্যন্ত চঞ্চল ও সবার প্রিয়। সে প্রবাসী বাবার একমাত্র সন্তান। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তামিমের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছে।
ঘটনার সত্যতা স্বীকার করে এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন বলেন, পরিবারের জিম্মায় লাশটি হস্তান্তর করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।