বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে ‘বিশেষ টিকাদান কর্মসূচি’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তার আগে আগামী ১২ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকির দুই সিটি করপোরেশন ও দুই জেলায় এ কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “তেশরা মে থেকে, অর্থাৎ আগামী মাসের তিন তারিখ থেকে সারাদেশের সকল জেলা, সকল উপজেলায় একযোগে আমরা এই টিকাদান কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ।”
তিনি বলেন, বিশ্ব ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের মূল্যায়নের ভিত্তিতে ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ ১৮ জেলার ৩০ উপজেলায় রোববার টিকাদান শুরু হয়েছে। এরপর ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ ও বরিশাল জেলায় এ কার্যক্রম শুরু হবে বলে জানান মন্ত্রী।