, , ।
শাহালাল ইসলাম রাজশাহীঃ
রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫), রাজশাহীর সিপিএসসি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে নাটোর-রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয় আভিযানিক দল। এ সময় নেভি ব্লু ও হলুদ রঙের একটি টাটা এসিই এক্স-২ পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে আভিযানিক দল পিকআপটির গতিরোধ করে তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদে গাড়িতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন পিকআপে থাকা ব্যক্তিরা।
পরে পিকআপে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার দরগা মহল্লার মৃত চান মিয়ার ছেলে মো. রিফাত হোসেন (৩৬), কমলগঞ্জ উপজেলার প্রতাপী গ্রামের মোহাম্মদ আনোয়ার খানের ছেলে মো. ইব্রাহিম খান (৪০) এবং মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত বশর মিয়ার ছেলে মো. জামাল মিয়া (২৭)।
অভিযানে তাদের হেফাজত থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরবর্তী সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৫-এর মিডিয়া কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজালাল /শাহজাদা