সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় জমে উঠেছে ঈদের বাজার

নলডাঙ্গা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা পৌর বাজারে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা জমে উঠেছে। ফলে সকাল থেকে রাত পর্যন্ত গার্মেন্টস, জুতা-সেন্ডেল, ছিট কাপড় সহ বিভিন্ন দোকানে ভীড় লক্ষ্য করা যাচ্ছে।

গত বছরের তুলনায় এ বছর গার্মেন্টসের দোকান গুলোতে নতুন নতুন ডিজাইনের পোশাক ও জুতা সেন্ডেলের দোকান গুলোতে নিউ মডেলের সু বেশি বিক্রি হচ্ছে।

নলডাঙ্গা বাজারের হাট অফিসের পাশে ফেব্রিকন ফ্যাশন শোরুমের মালিক রবিউল ইসলাম জানান, ক্রেতারা উন্নত মানের কাপড় বেশি পছন্দ করছেন। তবে এ বছর কাপড়ের দাম গত বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। ঈদের আর মাত্র ৩/৪ দিন বাকি থাকলেও কেনাবেচা এখন থেকে পুরোদমে শুরু হয়েছে। জুতার দোকান গুলোতেও ভীড় লক্ষ্য করা গেছে, নলডাঙ্গা পৌর বাজারের নাজ সুজ এর ডিলার মুরশেদ আলী জানান, জুতার দাম একটু বেশি হলেও মানুষ ভালো মানের সু পছন্দ করছেন।

কেনাকাটা করতে আসা ক্রেতা ইউসুফ হোসেন জুয়েল বলেন, ঈদ উপলক্ষে ছেলেমেয়ে সহ পরিবারের জন্য কেনাকাটা করতে এসেছি। ঈদের দিন যতই নিকটে আসছে বিভিন্ন মার্কেট গুলোতে ভীড় ততই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নলডাঙ্গা পৌর বাজারের মোহাম্মদ আলী প্লাজা, জহুরুল ভিলা ও নুরজাহান মার্কেটে সকাল থেকে অনেক রাত পর্যন্ত বেচাকেনা জমে উঠেছে। তবে ঈদকে কেন্দ্র করে পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, ঈদুল ফিতরকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নলডাঙ্গা থানা এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এম জহুরুল/শামি


প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬ | সময়: ৯:৫৬ অপরাহ্ণ | Daily Sunshine