সর্বশেষ সংবাদ :

ববিতে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে দুই বিভাগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে বাংলা ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ শনিবার (২৪ জানুয়ারি) বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের তিন নাম্বার গেটের সামনে এই ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর গিয়ে শিক্ষার্থীদেরকে শান্ত করেন। শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একটি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে।

রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে আমাদের বিভাগের এক নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করে বাংলা বিভাগের শিক্ষার্থী সিফাত। আমরা বিষয়টিকে নিয়ে সমাধানের জন্য বসেছিলাম আজ। সমাধানের একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা নারী শিক্ষার্থীকে হেনস্তা ও আজকের ঘটনার বিচারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযুক্ত সিফাত বলেন, আমার বিরুদ্ধে রসায়ন বিভাগের ১৪ ব্যাচের এক নারী শিক্ষার্থী ভিত্তিহীন অভিযোগ তুলেছে আমি তাকে গতকাল রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দ বাজারে ধাক্কা দিয়েছি কিন্তু এমন কোন ঘটনাই ঘটেনি। এবং এবিষয়ে তাদের কাছে কোন প্রমাণও নেই। কিন্তু আজকে সকাল ১০টার দিকে রসায়ন বিভাগের ৪-৫ জন আমাকে ডেকে নিয়ে শহীদ মিনারের পিছনে আমাকে হাতুড়ি দিয়ে মাথায় ও পিঠে পিটিয়েছে। পরে কয়েকজন এসে আমাকে উদ্ধার করে। পরবর্তীতে সমাধানের জন্য বসলে ওরা আমাদের ওপরে হামলা করেছে। আমি আমার ওপরে হওয়া হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।”

এবিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো তৌফিক আলম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। গুরুতর কেউ আহত হয়নি। এবিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার করা হবে।

তৌফিক/শামি


প্রকাশিত: January 24, 2026 | সময়: 7:02 pm | Daily Sunshine

আরও খবর