জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মতবিনিময় সভা

স্টাফ রির্পোটার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত পৃথক দুইটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভার প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থাসহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে অবহিত হন ও সংশ্লিষ্টদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় বিভাগীয় কমিশনার জানান, নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে জনগণও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে। তিনি আরো জানান, নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। ফলে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)। সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রস্তুতি সম্পর্কে এক মতবিনিময় সভা জয়পুরহাট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)। সভায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬ | সময়: ৫:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ