সর্বশেষ সংবাদ :

তাঁতিদের বিনাশুল্কে সুতা ও কেমিক্যাল বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পাঁচটি তাঁতি সমিতির মাঝে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ শহরের মালশাপাড়ায় বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে এই সুতা ও কেমিক্যাল বিতরন করা হয়। তাঁত বোর্ড জেলায় করোনায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের বছরজুড়ে পর্যায়ক্রমে সুতা ও কেমিক্যাল বিতরণ করে আসছে। উক্ত সুতা ও কেমিক্যাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব আব্দুর রউফ।
এ সময় প্রধান অতিথি বলেন, তাঁতিদের সকল সুযোগ সুবিধা দিতে সরকার সব সময় কাজ করে যাচ্ছে। আমরা তাঁত বোর্ডের পক্ষ থেকে তাঁতিদের উন্নয়নের জন্য শুল্ক মুক্ত সুতা ও কেমিক্যাল বিতরণ করছি। তাঁতিদের তাঁতে বিভিন্ন ডিজাইন এনে দিচ্ছি। তাঁতিদের উৎপাদিত পন্য বাজারজাতকরণের জন্য তাঁত মেলাসহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ স্থাপন ও রপ্তানির সুযোগ তৈরি করে দিচ্ছি। আশা করি আগামীতে তাঁতিদের আরো সুযোগ সুবিধা দিয়ে তাদের উন্নয়ন করা হবে।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ইউসুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর তিন নাম্বার ওয়ার্ড সমিতির ১৯ জন সদস্যকে ২৪ লক্ষ টাকার কেমিক্যাল, শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন সমিতির ৪৩ জন সদস্যকে ২ কোটি ৬ লক্ষ টাকার কেমিক্যাল ও সুতা, উল্লাপাড়া উপজেলার প্রাথমিক সমিতির ৩৯ জন সদস্যকে ২৯ লক্ষ টাকার কেমিক্যাল ও বেলকুচি উপজেলার পৌরসভা ৯ নং ওয়ার্ড এবং দৌলতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে যথাক্রমে ১৭ জনকে ৭৮ লক্ষ টাকার সুতা ও ক্যেমিক্যল ও ৩৮ জনকে ২৯ লক্ষ টাকার ক্যেমিক্যাল বিতরণ করা হয়।
নুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের উপসচিব আবু মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান হিসাব রক্ষক সুকুমার চন্দ্র সাহা, মহাপরিচালক কামনাশীষ দাস, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার, বাংলাদেশ তাঁত বোর্ড এর সভাপতি মনোয়ার হোসেন, শুল্ক ও কর কর্মকর্তা রোজিনা সুলতানাসহ বিভিন্ন তাঁত সমিতির সদস্যরা।
এদিকে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল পেয়ে উচ্ছ্বসিত তাঁতিরা। তারা বলেন সরকার তাঁতিদের দিকে এভাবে সুনজর দিলে সিরাজগঞ্জে তাঁত শিল্পে আবার জৌলুস ফিরে আসবে।


প্রকাশিত: June 12, 2023 | সময়: 5:23 am | সুমন শেখ

আরও খবর