সর্বশেষ সংবাদ :

দাখিলের শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিলেন জুলফার নাঈম মোস্তফা

জুবায়ের তুহিন রাজশাহী :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জুলফার নাঈম মোস্তফা। দাখিলের শেষ দিনে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তার মনোনয়ন জমা দেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছান জুলফার নাঈম মোস্তফা। এ সময় উপজেলার প্রধান প্রধান সড়ক তার অনুসারীরা ভিড় করেন। তাকে একনজর দেখতে এবং সমর্থন জানাতে দুর্গাপুর ও পুঠিয়ার বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে এসে জড়ো হন।

নির্বাচনী বিধি অনুসরণ করে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসতুরা আমিনার হাতে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমাদান কে কেন্দ্র করে পুরো উপজেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

জুলফার নাঈম মোস্তফা দুইবারের সাবেক সংসদ সদস্য, দুর্গাপুর–পুঠিয়ার জনপ্রিয় জননেতা মরহুম এডভোকেট নাদিম মোস্তফার সন্তান। বাবার রাজনৈতিক আদর্শ ও জনপ্রিয়তার ধারাবাহিকতায় তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর জুলফার নাঈম মোস্তফা বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের ভালোবাসা ও অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে এসেছি। আমার বাবা এডভোকেট নাদিম মোস্তফা আজীবন এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন। আমি সেই আদর্শ নিয়েই এগিয়ে যেতে চাই। আজ যেভাবে সাধারণ মানুষ আমাকে ঘিরে দাঁড়িয়েছে, সেটাই আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ জনগণের রায়ে বিজয়ী হয়ে দুর্গাপুর–পুঠিয়ার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।

 

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল আজিজ মন্ডল, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ চয়েন উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক আরমান কবির সুজন, দুর্গাপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন, পুঠিয়া বিএনপি নেতা পলান সরদার, পুঠিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হোদা বাবুসহ দুর্গাপুর ও পুঠিয়ার অসংখ্য নেতাকর্মী।

মনোনয়নপত্র জমাদানের মধ্য দিয়ে রাজশাহী–৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জুলফার নাঈম মোস্তফার নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্পষ্ট হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সানশাইন /শামি


প্রকাশিত: December 29, 2025 | সময়: 9:43 pm | Daily Sunshine