সর্বশেষ সংবাদ :

ঠাকুরগাঁও–১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র দাখিলের দিনটি ছিল রাজনৈতিকভাবে উত্তাপ ছড়ানো ও কর্মব্যস্ত। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ইসরাত ফারজানার কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ঠাকুরগাঁও–১ আসনে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফিজ উদ্দিন, জেলা জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, এডিসি (আইটি) মোস্তফা শাহিন, জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাঈমসহ প্রশাসনের কর্মকর্তারা।
দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছে দুপুর ১২টায় মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জমা দেওয়ার আগে জেলা বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভায় তিনি বলেন,“সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের রাজনৈতিক দর্শন। অতীতে আমরা বিভেদ সৃষ্টি করিনি, ভবিষ্যতেও করব না। দুর্ভাগ্যজনকভাবে গত ১৫ বছরে বিভাজনের রাজনীতি হয়েছে, আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই।”
ফখরুল আরও বলেন,“২৪-এর আন্দোলনে আমরা তাজা প্রাণ হারিয়েছি—একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যই এই লড়াই। দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।”
মনোনয়ন জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিন পর আমরা ভোটের অধিকার ফিরিয়ে পেয়েছি। এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্ভবত এটি আমার রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন। তাই ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমাকে কাজ করার সুযোগ দিন।”
তিনি নারী-পুরুষের সমমর্যাদা, হিন্দু–মুসলমান–বৌদ্ধ–খ্রিস্টানসহ সকল ধর্মের প্রতি পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। ধানের শীষের প্রতি সমর্থন জানিয়ে তিনি ভোটারদের দোয়া ও সমর্থন চান।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মাত্র পাঁচজন নেতা–কর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন তিনি। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতারা।অন্যান্য আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন দাখিল
ঠাকুরগাঁও–২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও–৩ আসনে মিজানুর রহমান মাস্টার মনোনয়ন জমা দেন। তাদের পক্ষ থেকেও উন্নয়ন ও শান্তিপূর্ণ জেলা গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

প্রকাশিত: December 29, 2025 | সময়: 8:02 pm | Daily Sunshine