সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আকাশ হোসেন (২৮) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে জয়পুরহাট–হিলি আঞ্চলিক মহাসড়কের পাঁচবিবি পৌর শহরের নাকুরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মন্ডল জয়পুরহাটের সদর উপজেলার চক বরকত ইউনিয়নের মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আকাশ মোটরসাইকেলে হিলির দিকে যাবার সময় বিপরীতগামী সৌমিক পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখো সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে জয়পুরহাটের ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানেই তিনি মারা যান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। তবে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে গেলে বাসটি জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


প্রকাশিত: September 27, 2026 | সময়: 4:49 am | সুমন শেখ