সর্বশেষ সংবাদ :

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার বিক্ষোভ

ববি প্রতিনিধি :

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। আজ শুক্রবার জুমার নামাজ পরবর্তী এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিহতের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় ববি শাখা ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “শহীদ আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আর আজাদী আন্দোলনের ডাক দিয়েছিলেন আমাদের হাদি ভাই। ষড়যন্ত্রকারীরা মনে করেছিল তাকে হত্যা করে আন্দোলন থামিয়ে দেবে, কিন্তু হাদির শাহাদাত এই আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে। ৫৪ বছরের ষড়যন্ত্র উপড়ে ফেলেই আমরা ঘরে ফিরবো।”

ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাংলাদেশের প্রশ্নে কোনো আপস নেই। ভারতের আগ্রাসনের শিকার শুধু হাদি নন, ফেলানিকেও আমরা হারিয়েছি। জুলাই আন্দোলনের চেতনা ও হাদি ভাইয়ের স্বপ্ন বাস্তবায়নে আমরা পুনরায় দেশ গঠনে কাজ করে যাবো।”

ইসলামী ছাত্র আন্দোলনের ববি শাখার সভাপতি হাসিবুল ইসলাম তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, “আওয়ামী লীগ বা ছাত্রলীগ ক্ষমতায় নেই, তবুও হাদি ভাইয়ের হত্যাকারীরা কীভাবে ‘সেফ এক্সিট’ পায়? এই সন্ত্রাসীদের যথাযথ শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক  আতিক আব্দুল্লাহ বলেন, আমাদের এখন দাবি আদায় করতে হবে। হাদি ভাই যে আজাদির স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়নে কাজ করে যেতে হবে। অতিদ্রুত খুনিদের বিচার করতে হবে। গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রের উচ্চপর্যায়ে যেসব আওয়ামী তাবেদার রয়েছে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাস্টিটের দোসর জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থানকারী শিক্ষক-কর্মকর্তাদের ৪৮ ঘন্টার মধ্য পদচ্যুত করার দাবি তোলেন।

তপু/শামি


প্রকাশিত: December 19, 2025 | সময়: 6:31 pm | Daily Sunshine

আরও খবর