, , ।
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাসুদেবপুর সাঝিপাড়া এলাকায় একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে বসত বাড়িতে। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হন এবং বাড়ির দুইটি সেমি পাকা কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর-২০২৫) সকালের দিকে বালুভর্তি ড্রাম ট্রাক (নং: কুমিল্লা-ট ১১-০২১৬) নলডাঙ্গা থেকে নাটোরের দিকে যাওয়ার পথে ট্রাকচালক ঘুমিয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত শহিদুল মিস্ত্রির বসতবাড়ির দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাড়ির দুইটি কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় আহতরা হলেন, ড্রাইভার শাহিন উদ্দিন (৪০), পিতা মৃত শাহাদাত হোসেন, গ্রাম ও পোস্ট সারদা, উপজেলা চারঘাট, ও হেলপার একই এলাকার মৃত: রফিকুল ইসলামের ছেলে মিন্টু শেখ (৩০)।
খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসারের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে নলডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জহুরুল ইসলাম/শামি