এক ভাই জামায়াতের মনোনয়ন আরেক ভাই পেলেন বিএনপির

সানশাইন ডেস্ক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উত্তরের জেলা কুড়িগ্রামে একটি আসনে দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আজ (৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিছু আসনের প্রার্থীদের নাম ঘোষণা করার পর বিষয়টি সামনে আসে।

কুড়িগ্রাম-৪ আসনে দলটির মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব আজিজুর রহমান। একই আসনে আগেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক। দুই ভাইয়েরই বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারীতে। আসনটি কুড়িগ্রামের চর রাজিবপুর, রৌমারী ও চিলমারী এলাকা নিয়ে গঠিত।

তাদের বাবা মরহুম আলহাজ্ব মনসুর আহমদ ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সংসদ সদস্য। সীমান্তবর্তী ও নদী বিধৌত হওয়ায় রাজনৈতিকভাবে সবসময়ই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় আসনটি। স্থানীয়দের মতে, দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।

এর আগে, ২০২৪ সালে আসনটির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত সাবেক ছাত্রলীগ নেতা বিল্পব হাসান পলাশ। ২০১৮ সালে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।


প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫ | সময়: ১০:৩০ অপরাহ্ণ | Daily Sunshine