, , ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলম সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। সেই সাক্ষাৎকার ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অবশেষে নীরবতা ভাঙলেন জ্যোতি, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি জানান নিজের অবস্থান।
জ্যোতি লেখেন, ‘কিছু বলছি না মানে এই নয় যে বলার কিছু নেই। দলটা আমাদের সবার। যখন দলটা ভালো করছে, তখন এত নেতিবাচক মন্তব্য, ব্যক্তিগত ক্ষোভ আর আক্রমণাত্মক ভাষা ব্যবহার, এগুলো খুব কষ্ট দেয়। অবাক লাগে, যারা একসময় এই দলকে ভালোবেসে আগলে রেখেছেন, তারাই এখন এসব করছেন।’
তিনি আরও যোগ করেন, ‘যখন কেউ দল থেকে বাদ পড়ে বা অফফর্মে থাকে, তখনই দলের সবকিছু খারাপ লাগতে শুরু করে। অথচ এই দলটাকে বিশ্বাস করেছে যারা, শ্রদ্ধা তাদের প্রতি। গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় আসা যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না।’
এর আগে অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা আলম দাবি করেন, অধিনায়ক জ্যোতি নাকি অনৈতিক সুবিধা নিচ্ছেন এবং জুনিয়রদের সঙ্গে খারাপ আচরণ করছেন। তার এমন মন্তব্যে নারী ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।