বাঘা প্রেস ক্লাবের আয়োজনে সাবেক সভাপতি হাশেমের স্মরণ সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার,বাঘা :
বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও শাহদৌলা সরকারী ডিগ্রী কলেজের সাবেক সহকারি অধ্যাপক আলী মুহাম্মদ হাশেম’র নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাঘা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনা ও আহবায়ক আব্দুল লতিফ মিঞা’র সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য-আমানুল হক আমান, আসলাম আলী, আশরাফুল আলম, ফজলুর রহমান মুক্তা ও সাইদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন আশরাফুল আলম । এসময় উপস্থিত ছিলেন, মরহুম আলী মুহাম্মদ হাশেমের সহর্ধমিনী মঞ্জুরা বেগম, আহবায়ক কমিটির সদস্য লালন উদ্দীনসহ সুব্রত কুমার,দোয়েল মোল্লা,জহুরুল ইসলাম প্রমুখ।

মরহুমের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, শিক্ষক ও সাংবাদিক হিসেবে মরহুম আলী মুহাম্মদ হাশেম ছিলেন একজন সহজ সরলমনা মানুষ। ১৯৮৪ সালের ৫ নভেম্বর শাহদৌলা কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালের ৭ জুলাই অবসর গ্রহন করেন। জাতীয় দৈনিক ইত্তেফাক ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের বাঘা প্রতিনিধি ছিলেন। ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি সৎ ও নিষ্ঠার সাথে প্রেস ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত ১৯৫০ সালের ৭ জুলাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন আলী মুহাম্মদ হাশেম। তার পিতার নাম কফিল উদ্দীন। তিন ভাইয়ের মধ্যে মরহুম হাশেম ছিলেন দ্বিতীয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রয়াত ড.মজির উদ্দীন ছিলেন তার বড় ভাই। ৬৭ বছর বয়সে ডায়াবেটিক, হার্ট, ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে নয় বছর পুর্বে তিনি এ পৃথিবীর মায়া ছেড়ে চির বিদায় নেন।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫ | সময়: ৯:১১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর