সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে র‌্যাবের অভিযানে ১৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে ১৬০ পিচ ইয়াবা সহ সোহেল রানা (৪৫) নামের মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। ২৮ জুলাই রাত ১০টার দিকে উপজেলার হাটকানপাড়া বটতলা নামক এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহেল রানাকে আটক করা হয়। আটককৃত সোহেল বখতিয়ারপুর গ্রামের মৃত মেছের সরকারের পুত্র বলে জানা গেছে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে, দূর্গাপুর উপজেলার হাটকানপাড়া বটতলা নামক এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে একজন আসামীকে আটক করে এবং তার দেহ তল্লাশি করে পরিহিত শার্টের বুক পকেট হতে ১৬০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
অভিযানের সময় ১৬০পিচ ইয়াবার ট্যাবলেট ছাড়াও ১টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে ছদ্মবেশে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুকরা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা।


প্রকাশিত: July 30, 2025 | সময়: 5:20 am | সুমন শেখ