সর্বশেষ সংবাদ :

বদলগাছীতে উত্তম কৃষি চর্চায় বিষমুক্ত পটল চাষে লাভবান কৃষকরা

রানা হামিদ, বদলগাছী,নওগাঁ :

নওগাঁর বদলগাছীতে প্রথমবারের মতো উত্তম কৃষি চর্চা (GAP – Good Agricultural Practices) পদ্ধতিতে বিষমুক্ত সবজি জাতীয় ফসল পটল চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকরা। পার্টনার ফিল্ড স্কুল জিএপি ও কৃষক সেবা কেন্দ্রের প্রশিক্ষণ গ্রহণ করে কৃষকরা জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ ও হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করে এক একর জমিতে এই পটল চাষ করেছেন। এতে তারা যেমন লাভবান হয়েছেন, তেমনি বাজারে রপ্তানি হচ্ছে বিষমুক্ত সবজি।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল গ্রামের কৃষক এনায়েতুল ইসলাম, আতাউর রহমান, আব্দুল মান্নান, রহিম ও আসলাম—এই পাঁচজন কৃষকের জন্য ‘ক্লাস্টার ডেমনেস্ট্রেশন ফর GAP স্ট্যান্ডার্ড অফ ভেজিটেবল’ নামে এক একর জমিতে পটল চাষের প্রদর্শনী চালু করা হয়।

প্রদর্শনীতে বারি পটল–১ জাতের চারা, জৈব বালাইনাশক, জৈব সার, রাসায়নিক সার ও ঘেরার জন্য নেটসহ প্রয়োজনীয় উপকরণ কৃষকদের সরবরাহ করা হয়।

উত্তম কৃষি চর্চায় মাটি ও পানি পরীক্ষা, সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা, কীটনাশকের যথাযথ ব্যবহার, ফসল উত্তোলন ও পরিবহনে নিয়মনীতি অনুসরণ বাধ্যতামূলক করা হয়।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী কৃষকরা জানান, কৃষি অফিস ও পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণ অনুসরণ করে পটল চাষে তাদের মোট আয় হয়েছে প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা। লাভ বেশি হওয়ায় স্থানীয় আরও অনেক কৃষকরা এখন এই পদ্ধতিতে ফসল চাষে আগ্রহী হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন, “উত্তম কৃষি চর্চা এমন এক পদ্ধতি যেখানে পরিবেশ সংরক্ষণ, মানবস্বাস্থ্য ও অর্থনৈতিক টেকসইত্ব—এই তিনটির সমন্বয়ে নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদন করা হয়। এতে কৃষকের পাশাপাশি ভোক্তাও উপকৃত হন।”

তিনি আরও জানান, কৃষকদের মধ্যে এই পদ্ধতির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা ও প্রশিক্ষণ বাড়াতে উপজেলা কৃষি অফিস ধারাবাহিকভাবে কাজ করছে।

সানশাইন /শামি


প্রকাশিত: October 25, 2025 | সময়: 1:40 pm | Daily Sunshine