, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা :
রাজশাহীর বাঘায় মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে তিন ছিনতাইকারী। এ সময় ছিনতাইকৃত মালামাল নিয়ে পালিয়ে যায় অপর এক সহযোগী। শনিবার (১১ অক্টবর) রাতে উপজেলার হাবাসপুর এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ধৃত আসামীদের থানায় এনে ঐ রাতেই ছিনতাইকৃত মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেন। পুলিশ জানায়, উক্ত ঘটনায় দ্রুতবিচার ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত 8 টার সময় বাঘা উপজেলার ৪ নং মনিগ্রাম ইউনিয়ন এলাকার বেড় হাবাসপুর গোরস্থান সংলগ্ন ইটের সলিং রাস্তার উপর মোঃ জনি ইসলাম (২০) পিতা-মোঃ এলিম মন্ডল, সাং-গঙ্গারামপুর, মোঃ ওয়ালিউল ইসলাম ওরফে রুমন ইসলাম(১৯)পিতা-মৃত ইজদার আলী, সাং-আড়পাড়া কুবলিকান্দি, উভয় থানা-বাঘা, জেলা-রাজশাহী ও মোঃ মনিরুল ইসলাম (২০) পিতা-মোঃ মোহর আলী, সাং-মরারপাড়া, ইউপি-রামকৃষ্ণপুর, থানা দৌলতপুর, জেলা-কুষ্টিয়াগণ অস্ত্রের মুখে জিম্মি করে ইউসুফ আলী নামে একজন মোটরসাইকেল চালকের পথরোধ করে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ছিনতাই করে।
এ সময় ইউসুব আলীর ও তার সাথে থাকা এক বন্ধুর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের আটক করেন। ততক্ষনে ছিনতইকৃত মোটর সাইকেল ও মোবাইল নিয়ে তাদের অপর এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে বাঘা থানা পুলিশ তৎক্ষনাত ঘটনাস্থালে যান এবং আটক তিন আসামীকে থানায় নিয়ে আসেন ।একই সাথে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সাক্ষ্য গ্রহন করেন এবং মোটর সাইকেল চালক ইউসুফ আলীকে থানায় ডেকে তার নিকট হতে একটি লিখিত অভিযোগ গ্রহন করেন। অভিযোগে একজনকে পলাতক দেখানো হয়েছে।
বাদি ইউসুফ আলী(১৭) জানান, তার বন্ধু ইব্রাহীম সহ মোটর সাইকেল যোগে তারা ঐ রাতে বাঘার হাবাসপুর হতে নিজ বাড়ী লালপুর যাওয়ার সময় ধৃত অভিযুক্তগণ বেআইনী বল প্রয়োগ করে পথরোধ ও ভয়ভীতি প্রদর্শন করে এবং মাথায় অস্ত্র ঠেকিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটর সাইকেল জোরপূর্বক ছিনিয়ে নেন ।
ঐ সময় তিনি এবং তার বন্ধুর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে ছিনতাই এর সাথে অভিযুক্তদের একটি দেশীয় লোহার তৈরী একনলা বিশিষ্ট ওয়ান শুটারগান-সহ তিনজনকেই আটক করেন। ততক্ষনে তাদের অপর এক সহযোগী ছিনতাইকৃত মোটর সাইকেল ও দুটি মোবাইল নিয়ে সেখান থেকে সটকে পড়েন। পরবর্তীতে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন ও মোটর সাইকেল উদ্ধার করে বাঘা থানা পুলিশ।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, এই ঘটনার সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে দ্রুতবিচার ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করে তাদেরকে রবিবার সকালে মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে।