, , ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বালাইনাশক ও অনুখাদ্য ধ্বংস করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিগত কয়েক সপ্তাহ ধরে বদলগাছী বাজার’সহ গোবরচাপা বাজার, ভান্ডারপুর বাজার, কোলা বাজার ও বিভিন্ন বালাইনাশকের দোকানে অভিযানকালে এ সকল মেয়াদোত্তীর্ণ বালাইনাশক ও অনুখাদ্য জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে জব্দকৃত বালাইনাশক ও অনুখাদ্য ধ্বংসপূর্বক মাটি চাপা দেওয়া হয়।
জব্দকৃত বালাইনাশকের মধ্যে- ইমিডাক্লোরপ্রিড, থায়ামেথোক্সাম, এমামেকটিন বেনজয়েট, ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের বালাইনাশক ও অনুখাদ্যের মধ্যে- দস্তা ও বোরন রয়েছে। যার বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান’সহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
রানা হামিদ /শামি