, , ।
স্টাফ রিপোর্টার ,বাঘা :
রাজশাহীর বাঘায় বিএনপি নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নুরুজ্জামান খান মানিকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিএনপি-সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাঘা বাজার সংলগ্ন বিএনপির উপজেলা কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নূরুজ্জামান খান মানিক বলেন, ‘স্বৈরাচার সরকার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা এক যুগেরও বেশি সময় ক্ষমতা দখল করে ছিল। কীভাবে তারা গুম, খুন, হত্যা শুরু করেছিল আমরা দেখেছি। তারা বিরোধী মতের মানুষের বিরুদ্ধে কীভাবে মিথ্যা মামলা দিয়েছিল সেটাও দেখেছি।
তিনি আরো বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা আমাদের মুল লক্ষ্য। ‘শুধু রাজনৈতিক দল নয়, রাজনীতির বাইরেও বহু সাধারণ মানুষ রয়েছে যারা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও আমরা দেখেছি কীভাবে অত্যাচারের স্ট্রিম রোলার চালানো হয়েছে। সেই সময় কীভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এখন সে সুযোগ নেই। আমাদের নেতা তারুণ্যের প্রতিক ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান সব সময় একটি কথায় বলে আসছেন, মানুষের দ্বারপ্রান্তে যান । তাদেরকে বোঝান। কারণ আমরা চাই জনগণের ভোটের দ্বারা নিরপেক্ষ সরকার গঠন করতে।আমাদের চাওয়া , জনগণ ভোট দেয়ার মাধ্যমে বুঝিয়ে দিক। স্বৈরাচার সরকারের দিন শেষ।
নুরুজ্জামান খান মানিক ২০১৮ সালের বিএনপি’র ধানের শীষ মনোনীত প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য । তাঁর লক্ষ্য এলাকার নানামুখী উন্নয়ন সহ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা। তিনি সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছেন এবং তৃণমুল বিএনপিকে সাথে বরে মাঠ পর্যায় গণসংযোগ করছেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেন।
আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সুজন, উপজেলা জিয়া পরিষদ নেতা প্রভাষক নবাব আলী, সাবেক ছাত্রনেতা তারেক আলী, বিএনপি নেতা জয়নাল আলী, আড়ানী পৌর বিএনপির সহ-সভাপতি আফতাব হোসেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল লতিফ মিঞা, নওহাটা পৌরসভা বিএনপি নেতা মাসুদ পারভেজ সুমন, জেলা যুবদল নেতা ফারুক রায়হান, শামীম রানা, জাহিদ হাসান , বাঘা পৌর ৫ নং ওয়ার্ড় নেতা জাহাঙ্গীর হোসেন ও বিএনপি নেতা শিমুল হোসেন।
উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের এবং পৌর ও ইউনিয়ন বিএনপি-সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ ।
নুরুজ্জামান /শামি