বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি, ডিজিটাল:
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, রুয়া একটি অরাজনৈতিক সংগঠন। আমরা এই রুয়াকে অরাজনৈতিকভাবেই সংগঠনের উদ্দেশ্য, লক্ষ্য বাস্তবায়নের জন্য সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
আজ রবিবার (৩ আগস্ট) বিকেল ৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত রুয়া’র দায়িত্ব গ্রহণ করার পর এসব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচিত হয়েছি, আমরা কাজ করতে চাই, বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে চাই। বিশ্ববিদ্যালয়ের পরিবারের জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য, একাডেমিক মান উন্নয়নসহ অনেক বিষয়ে রুয়ার কাজ করার সুযোগ আছে। আমরা সে বিষয়ে কাজ করতে চাই। রুয়া একটি অরাজনৈতিক সংগঠন। আমরা এই রুয়াকে অরাজনৈতিকভাবেই সংগঠনের উদ্দেশ্য, লক্ষ্য বাস্তবায়নের জন্য সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমরা আশা করবো রুয়ার প্রধান পৃষ্ঠপোষক আমাদের সেই কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করবেন। আমরা যদি প্রধান পৃষ্ঠপোষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের সহযোগিতা পাই, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি রুয়ার লক্ষ্য-উদ্দেশ্য ১০০ ভাগ পূরণ করবো ইনশাআল্লাহ।
এর আগে, অ্যাডহক কমিটির আহ্বায়ক প্রফেসর মো. একরামুল হামিদের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ সময় সভাপতির বক্তব্যে রুয়া প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, রুয়ার এই যাত্রা সহজ ছিল না। শুধুমাত্র শক্ত মেরুদণ্ড সম্পন্ন মানুষের পক্ষেই এটি বাস্তবায়ন করা সম্ভব ছিল এবং তারা সেটি করে দেখিয়েছেন। তাদের প্রতি এই বিশ্ববিদ্যালয় চিরকৃতজ্ঞ থাকবে। নির্বাচনের সাথে যারা জড়িত ছিলেন, তাদের নৈতিকতার কোনো কমতি ছিল না।
তিনি আরো বলেন, আমরা দাওয়াত দিয়ে কাউকে আনিনি, আমাদের পক্ষ থেকে কাউকে বাদও দেইনি। সততার জায়গা থেকে এতটুকুও কম্প্রোমাইজ করিনি আমরা। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন অথবা করেননি, তাদের সকলকে বলছি সামনের পথে সবাইকে একসাথে নিয়েই চলতে হবে। আমরা যে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যায়, এটি রুয়ার আদর্শ না। তাই আমাদের সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর রুয়ার পথে কাজ করতে হবে।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, রুয়া প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম, নবনির্বাচিত নির্বাহী কমিটি ও বিদায়ী অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারবৃন্দ, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।
নাজমুল হুদা /শামি