, , ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী থেকে অভিনব কায়দায় পিকআপ গাড়ীতে লুকিয়ে রাখা ৫৮পিস ফেন্সিডিল’সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বুধবার (১৬ জুলাই) বদলগাছী থানাধীন পয়নারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় এক আসামী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন – জেলার মহাদেবপুর থানাধীন রহট্যা গ্রামের আকতার হোসেন বাবু’র ছেলে মো. হানিফ (৩১), পত্নীতলা থানাধীন নাগরগোলা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৫) এবং পলাতক আসামী পত্নীতলা থানাধীন বাবনাবাজ গ্রামের মো. নজরুলের ছেলে মো. জুয়েল রানা (৩৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার মহাদেবপুর এলাকা হতে উল্লেখিত মাদক ব্যবসায়ীরা একটি নীল রংয়ের পিকআপ যোগে মাদক পরিবহণ করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পয়নারী এলাকায় মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালীন সময় উক্ত পিকআপ আসলে পিকআপটি থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে সাক্ষীদের উপস্থিতিতে পিকআপ চালক আসামী হানিফ এবং দ্বিতীয় সিটে বসে থাকা আসামী আমিনুল দ্বয়ের দেখানোমতে অভিনব কায়দায় পিকআপ গাড়ীর উপরে লুকিয়ে রাখা ক্যারেটের ভিতর রক্ষিত ব্যাগের ভিতর ৫৮ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাদের দখল হতে ০২টি মোবাইল ফোন ও নগদ ২৭০০/- টাকা, ৫৭ কেজি চাউল, ১৪টি খালি ক্যারেট, ০১টি পলিথিনসহ পিকআপটি জব্দ করা হয়। অপর আসামী জুয়েল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী হানিফ এবং আমিনুলদ্বয় চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামী হানিফ এবং আমিনুল দ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা অকপটে স্বীকার করে ও বলে যে, তারা অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে পলাতক আসামী মো. জুয়েল রানা’র সক্রিয় সহযোগিতায় ঢাকায় নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ ঢাকাসহ নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু হয়েছে।
বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রানা হামিদ /শামি