সর্বশেষ সংবাদ :

বিএমডিএর ভূ-উপরিস্থ পানির সেচ কার্যক্রম দুই উপদেষ্টার পরিদর্শন

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: দুই উপদেষ্টা রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর আওতায় গোদাগাড়ী উপজেলার পদ্মা নদী হতে সরমংলা খালে ভূ-উপরিস্থ পানির সেচ কার্যক্রম ও নেট মিটারিং সিস্টেম পরিদর্শন করেন। সকাল সাড়ে নয়টায় তারা ভগবন্তপুর এলাকায় পদ্মা নদীর পাড় পরিদর্শন করেন এবং সরমংলা এলাকায় কৃষি কার্যক্রম ঘুরে দেখেন। পরে কলিপুর এলাকায় সৌর বিদ্যুতের মাধ্যমে সেচ কার্যক্রমও পরিদর্শন করেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রাজশাহীর গোদাগাড়ীতে কৃষির বিপুল সম্ভাবনা রয়েছে। এখানকার চাহিদা পূরণ করে উদ্বৃত্ত পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারলে এ অঞ্চল দ্রুত এগিয়ে যাবে এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ বলেন, উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং পিছিয়ে পড়া এই অঞ্চলকে উন্নয়নের মূলধারায় আনতে সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদত রত্ন, সহকারি কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাইদ কামরুজ্জামান সহ বিএমডিএ’র কর্মকর্তারা।


প্রকাশিত: April 11, 2026 | সময়: 4:03 am | সুমন শেখ