সর্বশেষ সংবাদ :

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর: টক অব দ্য টাউন রাজনৈতিক উত্তেজনা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শেষে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দলীয় কোন্দল চরম আকার ধারণ করে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলা চালানো হয়। শনিবার (১২ জুলাই) রাত পৌনে ৯টার দিকে বালিয়াডাঙ্গী সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে এই ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন। দিনভর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা ঘিরে সমাবেশস্থলে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় কিছু নেতাকর্মী ফলাফল ঘোষণা বিলম্বে ক্ষোভ প্রকাশ করে জেলা নেতাদের অবরুদ্ধ করে রাখেন। তারা স্লোগান দিয়ে জানান, ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কাউকে স্থান ত্যাগ করতে দেওয়া হবে না।

 

রাত পৌনে ৯টার দিকে মির্জা ফয়সল আমিন অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে ফলাফল ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর তিনি গাড়িতে ওঠার চেষ্টা করলে উত্তেজিত কিছু নেতাকর্মী তার দিকে চেয়ার ও বাঁশ নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হামলাকারীরা তার গাড়িতে হামলা চালায় ও ব্যাপক ভাঙচুর করে। এ সময় ফয়সল আমিনের সফরসঙ্গী ও গাড়ির মালিক মো. রাশেদ জানান, “আমার গাড়িটি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে।”

 

আরো জানা যায়, মির্জা ফয়সল আমিন দ্রুত গাড়িতে উঠতে চেষ্টা করছেন এবং বিক্ষুব্ধ কর্মীরা তার দিকে চেয়ার ছুড়ছে। তার সহকর্মীরা তাকে রক্ষার চেষ্টা করেন, কিন্তু হট্টগোলের মধ্যে অন্তত ৫-৬ জন নেতাকর্মী আহত হন।

 

ঘটনার পরপরই পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি)  জানান, “ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্তের জন্য ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।”

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, এবং আমরা হামলাকারীদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে”

এ ঘটনার পর ঠাকুরগাঁও শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মির্জা ফখরুলের পরিবার ও তাদের রাজনৈতিক প্রভাব। শহরের চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে—“মির্জা পরিবারের রাজনৈতিক দাপট আর কতদিন?”

দলীয় অভ্যন্তরীণ কোন্দল এবং নেতৃত্বের বিরুদ্ধে স্থানীয় কর্মীদের ক্ষোভ প্রকাশের এ ঘটনা ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। দলের ভাবমূর্তি, নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে এখন আলোচনার ঝড় বইছে।

ঠাকুরগাঁও বিএনপি এখন বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের বিপক্ষে কি পদক্ষেপ গ্রহণ করবে। এ ঘটনায় দলীয় পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে কিনা এখন প্রশ্ন হয়ে উঠেছে। তবে স্থানীয় নেতাকর্মীদের দাবি, দোষীদের শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন বিশৃঙ্খলা আরও ভয়াবহ আকার নিতে পারে।

এ বিষয়ে জেলা ও কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি সাংবাদিকদের দেওয়া হয়নি।

সানশাইন/মাসুদ/শামি


প্রকাশিত: July 13, 2025 | সময়: 10:41 pm | Daily Sunshine

আরও খবর