, , ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের বখতিয়ারপুর গ্রামে অবস্থিত হাফেজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি এই মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত শিক্ষক। শনিবার (২১ জুন) উপজেলার বক্তিয়ারপুর হাফেজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্র মাদ্রাসার আবাসিক ছাত্র ছিলেন। ঘটনার পর ভিকটিম ছাত্র পরিবারের স্বজনদের কাছে বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছাত্রের পরিবারের দাবি, ওই শিক্ষক দীর্ঘদিন ধরেই নানা অজুহাতে শিশুটিকে একা ডেকে নিতেন। শনিবার রাতে বলাৎকারের ঘটনার পর পরিবারের লোকজন স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সঙ্গে পরামর্শ করে বিষয়টি মীমাংসার জন্য বসলেও কোন সুরাহা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ভিকটিম ছাত্রের মা অভিযোগ করেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক সরকার ওরফে মাকিম সরকার গোপনে বিষয়টি মীমাংসার চেষ্টা চালান। পরে জানাজানি হলে এলাকার লোকজন ও অভিভাবকেরা মাদ্রাসায় জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন।
অভিভাবকদের দাবি, অভিযুক্ত শিক্ষককে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে সন্তানদের ওই মাদ্রাসায় পড়াবেন না বলেও হুশিয়ারি দেন।
জানতে চাইলে মাদ্রাসা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক সরকার ওরফে মাকিম সরকার জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। বিধায় বিষয়টি মীমাংসা করা সম্ভব হয়নি। অভিযুক্ত শিক্ষককে পাওয়া গেলে তার শাস্তি নিশ্চিত করা হবে।
এদিকে, এ ঘটনার পর ক্ষোভে ফূঁসছে বখতিয়ারপুর সহ আশেপাশের কয়েক গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।