সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে র‌্যাবের অভিযানে ম্যাগজিন ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার একজন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন থেকে শরিফুল ইসলাম (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর উপজেলার জয়নগর এলাকার কলনঠিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার শরিফুল ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
র‌্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৫ সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সূত্রে খবর পায় সন্ত্রাসী শরিফুল অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এলাকায় অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে র‌্যাবের গোয়েন্দা দল তাকে নজরদারিতে রাখে। একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর র‍্যাবের জিজ্ঞাসাবাদে শরিফুল জানান, তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে, যা শ্বশুরবাড়ির খড়ের ঘরের ভেতর মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির খড়ের ঘরে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ২ ফুট গভীরে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র‌্যাব আরও জানায়, শরিফুল একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য। তিনি রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধে সক্রিয় ভূমিকা রাখছিলেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, গ্রেপ্তার শরিফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রবি/শামি

প্রকাশিত: June 20, 2025 | সময়: 8:36 pm | Daily Sunshine

আরও খবর