বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপিত হবে। দিনটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পহেলা জুন (রবিবার) আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জারিকৃত নোটিশে বলা হয়েছে ৪ জুন সন্ধ্যা ৬টা থেকে ১০ জুন পর্যন্ত সর্ব সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান/ছাদের গান-বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো যাবে না, আতশবাজি, ফানুস, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার করা যাবে না। এছাড়াও রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।