বাঘার কহিনুর ঢাকায় গরু বিক্রি করতে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর থেকে ঢাকায় গরু বিক্রি করতে যাওয়ার সময়ে কহিনুর শেখ (৫৫) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার রাত একটার দিকে টাংগাইলের এ্যালেংগা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক সামনের গরু বোঝাই ট্রাকে ধাক্কা দিলে ড্রাইভার নিয়ন্ত্রন হারিয়ে ফেললে এই দুর্ঘটনা সংঘটিত হয়। কহিনুর শেখ বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নিচপলাশি চরের মৃত তারা শেখের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নিচপলাশি চরের কহিনুর শেখ তার ছেলে আরিফুল ইসলাম ও একই এলাকার মোতালেব আলী, রিপন আলী, সাইফুল ইসলামকে সাথে নিয়ে নিজ এলাকার ২০ গরু একটি ট্রাক ভাড়া করে রাতে ঢাকায় রওনা হয়। এরপর তারা টাংগাইলের এ্যালেংগা এলাকায় পৌঁছলে পেছন থেকে আরেকটি ট্রাক এসে তাদের ট্রাককে ধাক্কায় দেয়।
এতে গরু বোঝাই ট্রাকটি ছিঁটকে রাস্তায় পড়ে যায়। এ সময় অন্যরা প্রানে রক্ষা পেলেও কহিনুর গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়ার পথে তার ছেলে আরিফুল ইসলামের চোখের সামনে তার পিতা মৃত্যু বরণ করেন।
স্থানীয় লোকজন জানান, রবিবার নিজ বাড়িতে লাশ আনার পর বিকেল তিন টায় জানাজা শেষে দাদপুর কবরস্থানে কহিনুরকে দাফন করা হয়েছে।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নিচপলাশি গ্রামের মেম্বর তঞ্জু মোল্লা বলেন, কহিনুর শেখের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি পেশাদার গরু ব্যবসায়ী না। ঈদ মৌসুমে নিজের বাড়িতে পোষা ও এলাকার কয়েকজনের সাথে একটি ট্রাক ভাড়া করে ঢাকায় গরু নিয়ে যাওয়ার সময়ে একটি দুর্ঘটনায় তিনি মারা গেছেন। আমরা তার দাফন সম্পন্য করেছি।


প্রকাশিত: জুন ২, ২০২৫ | সময়: ৪:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ