, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মানববন্ধনে অনিয়ম-দুর্নীতি ও কার্ড বাণিজ্যের অভিযোগে ইউপি সদস্য ইমরান হোসেন কালুর অপসারণ দাবি করেছেন তার স্ত্রী। সোমবার জোনাইল ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান স্ত্রী মরিয়ম বেগম ও অন্যরা।
ইমরান হোসেন কালু জোনাইল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য। মানববন্ধনে অন্যদের মধ্যে ইউপি সদস্যের স্ত্রী মরিয়ম খাতুন, পল্লী চিকিৎসক মহিউদ্দিন মিঠু, ব্যবসায়ী মনিরুল ইসলাম ও আবু সাঈদ।
এ সময় বক্তারা বলেন, ইমরান হোসেন কালু কাবিখাসহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া মাতৃত্বকালীনসহ বিভিন্ন ভাতা কার্ড প্রদানে তিনি প্রকাশ্যে উৎকোচ নেন।
ইউপি সদস্য হয়ে বহু বিবাহে আসক্তির কারণে তিনি একাধিক নারীর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। তাই অবিলম্বে এগুলোর সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে অপসারণের দাবি জানান তারা। অন্যথায় আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।
এ ব্যাপারে ইউপি সদস্য ইমরান হোসেন কালু জানান, আমি কার্ড বাণিজ্য ও কাবিখা দুর্নীতির সাথে জড়িত নয়। অন্য অভিযোগগুলোও সঠিক নয়। এগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার।