সর্বশেষ সংবাদ :

রাবির সেই ভাইরাল শিক্ষক হেদায়েত উল্লাহর স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি:

পূর্বের যৌন হয়রানির অভিযোগ এবং সম্প্রতি চেম্বারে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) শিক্ষার্থীরা তার স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

 

শিক্ষার্থীরা বলেন, যে শিক্ষক একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন, তার জায়গা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে হতে পারে না। আমরা চাই, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হোক।

 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘হেদায়েত উল্লাহ ধিক্কার, চাইছি তোমার বহিষ্কার’, ‘পাপুলের (হেদায়েত উল্লাহ) চামড়া, তুলে নেব আমরা’, ‘এক দফা এক দাবি, পাপুল তুই কবে যাবি’ ইত্যাদি স্লোগান দেন।

 

বিক্ষোভ মিছিল শেষে ফাইন্যান্স বিভাগের এক শিক্ষার্থী বলেন, এমন শিক্ষককে আমরা শিক্ষক হিসেবে পরিচয় দিতে চাই না। আমাদের বিভাগের মানসম্মান সব নষ্ট করেছে তিনি। তার ক্লাসও আমরা করতে চাই না। বিভাগ থেকে তাকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি। সেইসাথে অনৈতিক কাজে জড়িতে সেই ছাত্রীকেও বিভাগ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

 

ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক শিবলী সাদিক বলেন, “আমরা এ বিষয়ে অবগত আছি। শীঘ্রই আমরা এ নিয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নেব। আমরা শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে পর্যালোচনা করে যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেব।”

 

এ বিষয়ে জানতে সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

 

এর আগে, রবিবার (১১ মে) সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষ থেকে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেন শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

সানশাইন / নাজমুল /শামি


প্রকাশিত: May 15, 2025 | সময়: 7:53 pm | Daily Sunshine

আরও খবর