সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে চরমোনাই পীর: কৌশলী রাজনীতি বাংলার মানুষ দেখতে চায় না

স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘স্বাধীনতার পরবর্তীতে যারা দেশ শাসন করেছে তারা সাধারণ মানুষকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। মসনদে যাওয়ার পরে বার বার মানুষদেরকে ধোকা দিয়ে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানো ফ্যাসিবাদী, খুনি, টাকা পাচারকারী সরকারকে নিষিদ্ধ করার ব্যাপারে টালবাহানা বাংলার মানুষ দেখতে চায় না। তাদেরকে নিষিদ্ধ করতে সরকার যে কৌশল অবলম্বন করছেন সে কৌশলী রাজনীতি বাংলার মানুষ দেখতে চায় না। মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন যে সুপারিশমালা পেশ করেছে, তা দেশের বিশ্বাস, মূল্যবোধ ও ঐতিহ্যের সম্পূর্ণ পরিপন্থী এবং সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই কমিশনের বেশ কিছু সুপারিশ এমন, যা পশ্চিমা মতবাদ দ্বারা অনুপ্রাণিত এবং বাংলাদেশের সামাজিক বাস্তবতা, নারীসমাজের প্রকৃত চাহিদা ও জীবনসংগ্রামের সম্পূর্ণ বিপরীত। ভুঁইফোর কোন মানবাধিকার সংগঠনের অনৈতিক হস্তক্ষেপে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বহাল সহ্য করা হবে না। অতিশীগ্রই এই ইসলাম ও ধর্মবিরোধী নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে।
তিনি আরো বলেন, জুলাই গণহত্যার দৃশ্যমান কোনো বিচার আমরা লক্ষ্য করছিনা এটি অন্তরবর্তী সরকারের ব্যর্থতা। সুতরাং দ্রুতগতিতে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। এছাড়া তিনি ভারত ও ফিলিস্তিনে মুসলমানের উপর বর্বর নির্যাতন ও গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নিতে আহবান জানান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য, অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দলের পরিবর্তন হয়েছে কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যারাই ক্ষমতায় এসেছে তারাই দেশকে লুটেপুটে খেয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছে, দেশকে বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। সর্বশেষ জুলাই’২৪ আন্দোলনে বিগত খুনি গণহত্যাকারী আওয়ামী সরকার দেশের হাজার হাজার ছাত্র-জনতাকে পাখির মত গুলি করে হত্যা করেছে, হাজার হাজার ছাত্র-জনতাকে পঙ্গু করেছে। এর থেকে প্রমাণ হয় বিগত ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের জন্য কাজ করেনি, পুলিশ প্রশাসনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ করেছে নিজের গতি টিকানোর জন্য। দেরিতে হলেও পতিত স্বৈরাচার গণহত্যাকারী আওয়ামীলীগকে নিষিদ্ধ করায় অন্তরবর্তী সরকারকে ধন্যবাদ জানাই। সেই সাথে আগামীতে যাতে কেউ স্বৈরাচার হতে না পারে সেই পদক্ষেপ নেয়ার জন্য সরকারকে আহবান জানাই।
সমাবেশে বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে। একমাত্র ইসলামই পারে দেশের মানুষকে শান্তি ও মুক্তি দিতে। সুতরাং আসুন আমরা সকল বিভেদ ভুলে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছায়াতলে এসে আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে দেশকে আদর্শ ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।
সমাবেশে বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ নুরুন নাবী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, বিশিষ্ট আলেমেদ্বীন ও সমাজ সেবক হাফেজ মাওলানা আব্দুর রহমান দিদারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি হাফেজ শফিকুল ইসলাম, মহানগর সভাপতি এইচ.এম আবুল হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুহাঃ নয়ন ইসলাম, মহানগর সভাপতি মুহাঃ হাসিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জেলা সভাপতি মুহাঃ আবুল বাশার, মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলা ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।


প্রকাশিত: May 14, 2025 | সময়: 4:09 am | সুমন শেখ