, , ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে দীলিপ কুমার সরকার তপন নামে এক ব্যক্তির একটি পাকা মার্কেট দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৭ আগষ্ট বাকশিমইল রোডে নিজ জমিতে গড়ে তোলা ৫ কক্ষবিশিষ্ট মার্কেটটি দখল করে নেয় বাকশিমইল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আনোয়ার হোসেন গোলাপ (৫০)।
এসময় মার্কেট মালিক তপনের নামে থাকা রাজশাহী পল্লীবিদ্যুতের ৩টি মিটার ভাংচুর করে নিজ বাড়িতে রাখে আনোয়ার। পল্লীবিদ্যুত মোহনপুর জোনাল অফিসের লোকজন আনোয়ারের বাড়ি হতে ভাঙ্গা ৩টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
দখল হওয়া মার্কেটটি ফিরে পেতে মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মার্কেট মালিক তপন। তবে অভিযোগের প্রেক্ষিতে এখনও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, দীলিপ কুমার সরকার তপন দখল হওয়া মার্কেটের পৌণে ২ শতক জমি কিনে নিয়ে ২০০৭ সালের মে মাসের ২ তারিখে নিজ নামে খারিজ করেন। যার হোল্ডিং নম্বর-৮৯২, রেকর্ড সার্ভে নম্বর-১৫০১, খতিয়ান নম্বর-৮৬০।
তিনি পৌণে ২ শতক জমি কিনলেও দেড় শতক জমিতে ২০০৮ সালে ৫ কক্ষ বিশিষ্টি পাকা মার্কেট গড়ে তোলেন। সেখানে ব্যবসা পরিচালনার জন্য সাইদুর, বিশ্বজিৎ, আমিনা, মোস্তাক কাজির নামে দোকানভাড়া চুক্তিপত্রের মাধ্যমে ভাড়া দেন।
ভাড়াটিয়ারা ওই মার্কেটে নিয়মিত ব্যবসা করে আসছিল। হঠাৎ ৭ আগস্ট বাকশিমইল গ্রামের আনোয়ার হোসেন গোলাপ নিজের জমি দাবি করে দীলিপ কুমার সরকার তপনকে মেরে ফেলার হুমকি-ধামকি দিয়ে তার মার্কেটটি জোরপূর্বক দখলে নেয়।
এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, মার্কেট দখল সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।