সর্বশেষ সংবাদ :

পতিসরের কাচারি বাড়িতে রবীন্দ্র জন্মৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার, নওগাঁ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর গ্রামে রবীন্দ্র কাচারি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে।
কবির জন্মোৎসব উদ্যাপনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সেখানে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহিমেদ, এনডিসি।
পরে দেবেন্দ্র মঞ্চে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখবেন, নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শামসুল আলম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। গান, কাব্য চর্চা, নাটক চর্চাসহ সাহিত্যের সমস্ত অঙ্গনে তার অবদান রয়েছে। বাংলা সাহিত্যে তার এই অনবদ্য সৃষ্টি আজও সকলের উপরে অবস্থান করছে। আজকের দিনে কবি গুরুর উপর শ্রদ্ধা নিবেদন করছি।
পরে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবির জন্মোৎসবে হাজারো ভক্ত ও অনুরাগীদের ঢল নামে। এছাড়াও তিনদিন ব্যাপী উৎসবে প্রতিদিনই কবির জীবনি ও সৃষ্টি নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।
এদিকে সকাল থেকে স্থানীয় একটি কলেজ মাঠে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা প্রশাসন রবীন্দ্র মেলার আয়োজন করেন। যেখানে মাছের মেলা, জামাই মেলাসহ অন্যান্য গ্রামীণ লোকজ সংস্কৃতির পসরা আয়োজন রয়েছে। মেলায় শিশুদের জন্য নাগরদোলা, সার্কাসহ বিভিন্ন বিনোদনের আয়োজন রয়েছে।


প্রকাশিত: May 9, 2025 | সময়: 4:18 am | সুমন শেখ