সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে মাসব্যাপী গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন

মহাদেবপুর প্রতিনিধি: মহাদেপবপুরে মাসব্যাপী গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে এবং মহাদেবপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে ৬ মে মঙ্গলবার সকাল ১০ টায় মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে এনআইএলজি (গ্রেড-১) এর মহাপরিচালক আব্দুল কাইয়ূম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক টি.এম.এ মমিন, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান।
এ সময় উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান, ইউপি সচিবরা সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ১০ ইউনিয়নের ৯২ জন গ্রাম পুলিশের মধ্যে নবীন, শিক্ষিত এবং শারীরিকভাবে সক্ষম ৪০ জনকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
গ্রাম পুলিশদের স্থানীয় সরকারের বিভিন্ন কাজে দক্ষ করে গড়ে তোলার লক্ষে ৬ মে থেকে ৪ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা গেছে।


প্রকাশিত: May 7, 2025 | সময়: 3:15 am | সুমন শেখ