বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চাল ব্যবসায়ীর দুই গোডাউনে মোবাইল কোর্টের অভিযানে সরকারি ২৯ মেট্টিক টন ৩১০ কেজি চাল জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটের দুইটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
ভূমি কমিশনার শেখ নওশাদ হাসান জানান, সরকার পর্যায়ের বিভিন্ন কর্মসূচির চাল কয়েকজন ব্যবসায়ী কিনে দুইটি গোডাউনে মজুত করে রেখেছে- এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকার একটি মার্কেটে মোবাইল কোর্টের অভিযান পরিচলনা করা হয়। অভিযানে দুই গোডাউন থেকে ৫০ কেজির ৪৫৩ বস্তা ও ৩০ কেজির ২২২ বস্তাসহ মোট ২৯ টন ৩১০ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু সরকারি বস্তা পাওয়া যায়। অভিযানের সময় চাল ব্যবসায়ী জাহাঙ্গীর বাবু সহ সবাই পলাতক ছিল। মোবাইল কোর্টের মাধ্যমে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যাত্রাপুর গ্রামের চাল ব্যবসায়ী বাবু সহ কয়েকজন ব্যবসায়ী মিলে উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি সুবিধাভোগীদের কাছ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সহ সরকারি বিভিন্ন চাল কিনেন। এরপর ওই সব চাল গোপনে গোডাউনে মজুত করে পরে বেশি দামে বিভিন্ন স্থানে বিক্রি করে।
অভিযানের সময় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান, উপজেলার একডালা ক্যাম্পের ইনচার্জ এএসআই হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।