, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরও দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকার বাসিন্দা বিশাল (২৫) ও নাহিদ (২৫)। মামলায় তারা যথাক্রমে ২ নম্বর ও ৬ নম্বর আসামি। র্যাব-৫ এর এক বিজ্ঞপ্তিতে শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়।
এর আগে, ১৮ এপ্রিল রাতে নওগাঁ সদর উপজেলা থেকে মামলার প্রধান আসামি নান্টু (২৮) ও তার সহযোগী, মামলার ৩ নম্বর আসামি খোকন মিয়া (২৮) কে গ্রেপ্তার করা হয়। একই দিনে বিকেলে রুমেল (২৫) নামের আরও একজন আসামিকে আটক করে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ১৬ এপ্রিল রাতে রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় আকরাম আলী (৪৫) ও তার ছেলে হাসান ইমাম হামলার শিকার হন। ইটের আঘাতে গুরুতর জখম হন আকরাম, যিনি ছিলেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি রাত ১১টার দিকে মারা যান।
নিহতের মেয়ে রাফিয়া আলফি চলতি বছর এসএসসি পরীক্ষার্থী। বাবার মৃত্যুর পরদিনই চোখের জল মুছে সে পরীক্ষায় অংশ নেয়।
ঘটনার পরদিন নিহত আকরামের ছেলে বোয়ালিয়া মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন- নান্টু, বিশাল, খোকন মিয়া, তাসিন হোসেন, অমি, নাহিদ ও শিশির।
তদন্ত সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে আসামি নান্টু ক্ষুব্ধ হয়ে আকরাম আলীর মেয়ে রাফিয়াকে বখাটেদের দিয়ে উত্ত্যক্ত করতে শুরু করেন। একপর্যায়ে নিজেই তাকে গালিগালাজ করেন। এ নিয়ে আকরাম আলী নান্টুর পরিবারকে অভিযোগ করলে ক্ষোভে ফেটে পড়ে নান্টু ও তার সহযোগীরা। যার পরিণতিতে প্রাণ হারান একজন বাবা।