সর্বশেষ সংবাদ :

ব্যারিস্টার আমিনুল হকের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে মিনু : ব্যারিস্টার আমিনুল হক ছিলেন বরেন্দ্র জনপদের উজ্জ্বল নক্ষত্র

স্টাফ রিপোর্টার: সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক ছিলেন বরেন্দ্র পোড়া মাটির উজ্জ্বল নক্ষত্র এবং এই জনপদের সর্বজন শ্রেদ্ধেয় ব্যক্তি। সোমবার (২১ এপ্রিল) বিকেলে গোদাগাড়ী দলীয় অফিস প্রাঙ্গণে ব্যারিস্টার আমিনুল হকের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র, রাজশাহী সদর আসনের সাবেক এমপি মিজানুর রহমান মিনু উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরো বলেন, আমিনুল হক ছিলেন এমন একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক, পরোপকারী জননেতা যিনি রাজনীতির প্রারম্ভেই তার কর্মকান্ডদ্বারা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার আস্থাভাজনে পরিণত হন।
মিজানুর রহমান মিনু তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আমিনুল হক ছিলেন, কৃষক বান্ধব নেতা। তাঁর অনন্য প্রচেষ্টায় বিএমডিএ সমগ্র উত্তরাঞ্চলে প্রসারিত হয়েছে। যার ফলে এতদঞ্চলে অতিরিক্ত ৫ লক্ষ টন ধান উৎপাদিত হচ্ছে।
তিনি আরো বলেন, হক সাহেব ছিলেন ধার্মিক। তাঁর হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত ছিলেন গোদাগাড়ী- তানোরের জনগণ।
আমিনুল হক কখনো বিত্তের বৈভব নয় বরং চিত্তের প্রসারতা দিয়ে এলাকার মানুষকে ভালোবাসতেন। ফলে তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা ছিলো ঠিক যেনো, তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন।
কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি হারুন অর রশিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র এ্যাড. আব্দুস সালাম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং মরহুম আমিনুল হকের ছোট ভাই মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন, রাসিকের সাবেক মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি রাজশাহী জেলা কমিটির সাবেক সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন তপু। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন রাজশাহী জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব। পরে ব্যারিস্টার আমিনুল হকের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে সকালে ব্যারিস্টার আমিনুল হকের বাসভবনে ও দলীয় কার্যালয়ে কোরআনখানি এবং বিকেলে মরহুমের কবর জিয়ারত করা হয়।


প্রকাশিত: April 22, 2025 | সময়: 5:05 am | সুমন শেখ