বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে পুলিশ পরিচয়ে শিক্ষকের কাছে চাঁদাবাজির সময় ওমর ফারুক (৩০) নামের এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ সময় চাঁদাবাজির ৩ হাজার টাকা ও চাঁদাবাজিতে ব্যাহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদরাসা থেকে তাকে আটক করা হয়। আটক ওমর ফারুক দিনাজপুর জেলা সদরের হাজিপাড়া মহল্লার আমিন উদ্দিনের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আটক ওমর ফারুক নিজেকে পুলিশ পরিচয় দিয়ে উপজেলার বাগদোড় দাখিল মাদরাসায় গিয়ে সম্প্রতি এনটিআরসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষকের কাছে পুলিশ ভেরিফিকেশনের নামে চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দিলে নিয়োগ বাতিল হবে বলে হুমকি দেন। এতে ওই মাদরাসায় সম্প্রতি এনটিআরসি নিয়োগ প্রাপ্ত বাংলা শিক্ষক আবু তারেক তাকে ৩ হাজার টাকা দেন। এরপর ভুয়া পুলিশ পরিচয় দানকারী ওমর ফারুক উপজেলার আলিহাট ইউনিয়নে গাজী আমিনিয়া দাখিল মাদরাসায় যান। সেখানে এনএটিআরসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষকের কাছে পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করেন।
বাগদোড় মাদরাসার সহকারী বাংলা শিক্ষক আবু তারেক জানান, পুলিশ পরিচয় দানকারী ওই ব্যক্তি নিজে হাকিমপুর থানা পুলিশের এসআই পরিচয় দেন। এরপর তার সনদপত্র ও নিয়োগ, যোগদান দেখতে চান। সনদপত্র দেখা শেষে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। তা-না হলে তার এমপিও (বেতন) স্থগিত হবে। এতে তিনি উপায়ন্তর না পেয়ে তাকে ৩ হাজার টাকা ঘুষ দেন।
হাকিমপুর (হিলি) থানার তদন্ত ওসি এসএম জাহাঙ্গীর আলম জানান, পুলিশ পরিচয়ে উপজেলার আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদরাসার শিক্ষকের কাছে চাঁদা দাবি করছেন এক পুলিশ কর্মকর্তা বলে মুঠোফোনে জানান এক শিক্ষক। এরপর ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সানশাইন / ইমরুল/শামি