বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফকে (২৫) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালত থেকে পালানোর প্রায় ৯ ঘন্টা পরে তাকে আবার গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়েছে- বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া অভয়ের মোড় এলাকায় অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিফ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়া খিরসিন এলাকার জাকিরের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে ফেরার সময় হাতকড়াসহ পালিয়ে যায় আসামি আরিফ। ঘটনার পরপরে পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন থানার টহল টিমকে সতর্ক করে দেয়।
পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে পুরাতন ফুদকিপাড়া অভয়ের মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আরিফের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।